মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর (মানিকগঞ্জ)থেকে: ভালোবেসে বিয়ে করার পর বছর না যেতেই গলায় ফাঁসি দিয়ে আত্ম্হত্যা করেছেন মহুয়া মোহনা (১৮) নামের এক গৃহবধূ। মাত্র ১১ মাসের সংসার জীবনের ইতি টেনে স্বামীর মানসিক নির্যাতনে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে নিহতের পরিবারের অভিযোগ। নিহত মহুয়া মোহনা মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ ধল্লা গ্রামের আঃ মুন্নাফের মেয়ে। মঙ্গলবার (৭ মার্চ) রাতে নিহতের বাবা বাদি হয়ে মহুয়ার স্বামী সোহান (২৫) তার চাচা লাবু ডাক্তার (৫৫) ও ফুফু সখিনাকে (৬৫) আসামি করে মামলা দায়ের করেন।
পুলিশ সোহানকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত সোহান পার্শ্ববর্তী ফোর্ডনগর ভোতা পাড়া গ্রামের লেবু মিয়ার পুত্র। নিহতের পরিবার জানান, মহুয়া মোহনের বিয়ের পর থেকেই তাকে সোহান তার চাচা লাবু ডাক্তার ও ফুফু সখিনার কু-পরামর্শে মানসিক নির্যাতন করত।
এ নির্যাতন সহ্য না করতে পেরে আত্মহত্যার প্ররোচিত হয়ে গত সোমবার রাত সাড়ে ১০ টার দিকে স্বামীর বাড়ির পূর্ব ভিটার চৌচালা টিনের ঘরে আঁড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস নিয়ে মারা যান।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
