নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বর্ণমালা বিদ্যালয়ের ‘শুভ উদ্বোধন’ করা হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে নবাবগঞ্জের তরুণ প্রজন্মের উদ্যোগে দোহার উপজেলার ইসলামপুর খালপাড় এলাকায় অবস্থিত সাতটি ইটভাটার প্রায় দেড় শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বর্ণমালা বিদ্যালয়ের যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ।
বর্ণমালা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য রাজিব শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, ব্যবসায়ী পান্নু মিনহাজসহ দোহার-নবাবগঞ্জের প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এমন উদ্যোগের প্রশংসা করে প্রধান অতিথির বক্তব্যে এএফএম ফিরোজ মাহমুদ বলেন, শিক্ষা বঞ্চিত শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে সকল প্রকার সহায়তা করা হবে।
উদ্বোধন শেষে প্রধান অতিথির পক্ষ থেকে শিশু শিক্ষার্থীদের মাঝে শীতের কম্বল ও শিক্ষা উপকরণ উপহার দেয়া হয়।
