নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার আমিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে কৃষি জমির মাটি কেটে বিক্রি করার অবৈধ ব্যবসা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার রাইপাড়া ইউনিয়নের আমিন বাজার এলাকায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র অভিযান পরিচালনা করেন। এ সময়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে কৃষি জমির মাটি কেটে বিক্রি করার অবৈধ ব্যবসা বন্ধ করে দেন। ঘটনাস্থলে অভিযুক্তদের কাউকে না পাওয়ায় কোন মামলা হয়নি। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।
দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সরকারি অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কেটে বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
