‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দোহার উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে র্যালি, পায়রা উড়ানো ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেম। সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি মো. মিল্লাদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. মনজুর রশিদ।
এ সময় বক্তারা বলেন, দুর্নীতি মুক্ত দেশ গড়তে হলে সবার আগে আমাদের নিজেদের দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষা যতটুকু না দরকার সমাজে একজন ভালো মানুষ তার চেয়ে বেশি দরকার। মানুষ ভালো হলে দুর্নীতি এমনেতেই প্রতিরোধ করা সম্ভব হবে।
উপস্থিত ছিলেন দোহার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিউল ইসলাম, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকীসহ কমিটির সকল সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।
