ঢাকা -১ আসনে (দোহার-নবাবগঞ্জ) হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা নুরুল ইসলামের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে শোডাউন শুরু হয়ে দোহার ও নবাবগঞ্জ থানার ২৩ টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় হাতপাখার মোটরসাইকেল শোভাযাত্রা দেখার জন্য রাস্তার দু’পাশে নারী, পুরুষ ও শিশুরা ভিড় জমায়। শোডাউন শেষে গণমাধ্যমের কাছে হাফেজ মাওলানা নুরুল ইসলাম বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লব পরবর্তীতে সাধারণ মানুষের মাঝে একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। জনগণ আর ধ্বাংসাত্মক ও প্রতিহিংসার রাজনীতি, জুলুম-চাঁদাবাজির রাজনীতি এবং ভোট ডাকাতির রাজনীতিতে ফিরে যেতে চায় না। তারা পরিবর্তন চায়। এ জন্য রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ বা অংশগ্রহণমূলক নির্বাচন চায়।
ইসলামী আন্দোলনের এ নেতা দোহার নবাবগঞ্জ বাসীকে উদ্দেশ্য করে বলেন, দোহার নবাবগঞ্জের মানুষ শান্তি প্রিয় মানুষ। এক শ্রেণির নেতারা দোহার নবাবগঞ্জ বাসীকে শান্তিতে থাকতে দিতে চায় না, তারা চাঁদাবাজি করে, জায়গা দখল করে, হাটঘাট দখল করে। এসব নেতাদেরকে বয়কট করা উচিত।
তিনি আরো বলেন, ইসলাম ক্ষমতায় আসলে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তাই আপনারা হাতপাখা মার্কাকে ভোট দিয়ে ইসলামকে বিজয়ী করুন। সুখে শান্তিতে বসবাস করুন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দোহার নবাবগঞ্জে হাতপাখা মার্কা বিজয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।
শোডাউনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দলোন বাংলাদেশ দোহার থানা, দোহার পৌরসভা ও নবাবগঞ্জ থানা শাখার দায়িত্বশীলবৃন্দ।
