নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে বিবাহিত এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ব্যক্তিগত ছবি সামাজিক মাধ্যমে ছবি ছড়িয়ে দেয়ার হুমকি দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে সাইফুল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে আটক করেছে দোহার থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়। সে নারিশা পশ্চিমচর গ্রামের নাসির উদ্দিনের ছেলে। গ্রেফতারকৃত সাইফুল ফরিদপুর জেলার নগরকান্দা থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত আছেন ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দোহার উপজেলার নারিশা পশ্চিম চর গ্রামে এক নারীর সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক গড়ে উঠে পুলিশ সদস্য সাইফুল ইসলাম। একই এলাকায় বসবাস হওয়ায় ওই নারীর বাড়িতে যাতায়াতে ঘনিষ্টতা প্রেমের সম্পর্কে গড়ায়। এক পর্যায়ে তার অন্যত্র বিয়ে হলে প্রেমের সম্পর্ক তিক্ততায় গড়ায়। এরই রেশ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘনিষ্ট ও স্পর্শকাতর ছবি তার নামে বেনামে একাধিক ফেসবুক আইডি খুলে ছড়িয়ে দেয়।
ভুক্তভোগী গৃহবধু জানায়, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে পারিবারিকভাবে আমার বিয়ে হয়ে গেলে নতুন করে ক্ষিপ্ত হয়ে উঠে সাইফুল। তারপর সে আমার নাম ও ছবি ব্যবহার করে একটি ফেসবুক আইডি খুলে এবং আমার বিভিন্ন বিভিন্ন অশালীন ছবি ও ভিডিও এডিট করে আমার স্বামীর মোবাইলে পাঠাতে থাকে এভাবে নামে-বেনামে কয়েকটি আইডি থেকে সে আমাকে সামাজিক ও পারিবারিকভাবে হেয় করতে থাকে।
ব্যক্তিগত সম্মানহানি, আত্মসম্মান রক্ষার্থে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণে দোহার থানায় অভিযোগ দায়ের করে পুলিশের সহায়তা চান। পরে বুধবার সাইবার ক্রাইমে মামলা হলে ফরিদপুর পুলিশ লাইন্স থেকে সাইফুলকে আটক করা হয়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, আটক সাইফুলকে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হবে।
