দোহারে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালংকার-টাকা লুট

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার ভোরে এক ব্যবসায়ীর বাড়িতে এ ঘটনা ঘটে। সাত আটজনের একটি দল ওই বাড়ির লোকজনকে জিম্মি করে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, ৩ হাজার বৈদেশিক মুদ্রাসহ নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আজ ভোর চারটার দিকে দোতলা বাড়ির নিচতলার গ্রিল কেটে সাত-আটজনের একটি ডাকাত দল ঘরে ঢোকে। তারা প্রথমে নিচতলার একটি ঘরে ঢুকে ধারালো অস্ত্রের (চাপাতি) মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে তাঁদের হাত-পা বেঁধে ঘরে লুটপাট করে। এ সময় আলমারি থেকে ২৫ ভরি স্বর্ণালংকার, ৩০০ অস্ট্রেলিয়ান ডলার, ৯ টি দামী ঘড়ি এবং প্রায় ১ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। তাদের মুখোশ পরা ছিল।
বাড়ির মালিক মামুন বেপারী বলেন, এ ঘটনায় ৩০ থেকে ৪০ লাখ টাকার মালামাল লুট হয়েছে। তিনি প্রবাসে লেখাপড়া করে দেশেই ব্যবসা করেন। নারিশায় তাঁর হাঙ্গারলাইন সুপার মার্কেট নামে ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তিনি বিদেশে যাবেন, সে কারণে ঘরে কিছু অস্ট্রেলিয়ান ডলার সংগ্রহে রেখেছিলেন। ডাকাতির সময় বাড়ির বাইরেও লোকজনের কথার আওয়াজ শুনতে পেয়েছেন বলে জানান মামুন বেপারী।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দোহার থানা-পুলিশ। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, ‘ডাকাতি নয়, গ্রিল কেটে বড় রকমের চুরি হয়েছে। খবর পেয়ে পুলশসহ ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *