এমসি কলেজে গণধর্ষণ: সাইফুর ও অর্জুন ৫ দিনের রিমান্ডে

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূ গণধর্ষণের মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সাইফুর রহমান ও  চার নম্বর আসামি অর্জুন লস্করের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মামলার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমান তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল চক্রবর্তী তাদেরকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) খোকন কুমার দত্ত সাংবাদিকদের বলেন, “আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবি ছিলেন না। আসামিরা আদালতে দোষ স্বীকার করেছে। পরে আদালত শুনানি শেষে তাদেরকে ৫ দিনের রিমান্ডের অনুমতি দেন।”

এর আগে গত সকাল সাড়ে ৭টায় সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ঘাট থেকে গণধর্ষণ মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সাইফুরকে গ্রেফতার করে পুলিশ।

এর কিছুক্ষণ পরই হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে এ মামলার অন্যতম আসামি অর্জুন লস্কর। পরে তাদেরকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এছাড়া রাতে হবিগঞ্জ থেকে মামলার আরও দুই আসামি শাহ মাহবুবুর রহমান রনি ও রবিউলকে গ্রেফতার করা হয়। তাছাড়া এজাহারে থাকা অজ্ঞাতনামা আসামি রাজনসহ আরও দুইজনকেও জেলার ফেঞ্চুগঞ্জ থেকে গ্রেফতার ডিবি পুলিশ ও র‌্যাব।

এ নিয়ে মামলায় এজাহারে থাকা চারজনসহ ৬ জনকে গ্রেফতার করা হলো। অন্যদিকে, পলাতক রয়েছে তারেক এবং মাহফুজুর নামে মামলার দুই আসামি।

উল্লেখ্য, এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে যাওয়া দম্পতির স্বামীকে আটকে রেখে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কলেজ ছাত্রাবাসে স্ত্রীকে ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় ৬ ছাত্রলীগ কর্মীর নামোল্লেখসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন ওই গৃহবধূর স্বামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *