সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা বাজারের দুপাশে অবৈধ দোকান উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালতে ৬ দোকানিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার(৮ অক্টোবর) বিকেল ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন। এ উচ্ছেদ অভিযানে থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, সিংগাইর পৌর বাজারের রাস্তার দুপাশে ফলের দোকান ও দোকানের সামনে পসরা সাজিয়ে অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছিল । এতে প্রতিনিয়ত দুর্ঘটনা,যানজটে জনদূর্ভোগ চরম আকার ধারন করে।
বিষয়টি প্রশাসনের নজরে এলে বুধবার বিকেল ৪ টা হতে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে রাস্তার পাশে অবৈধ ফলের দোকান উচ্ছেদসহ ৬ দোকানের মালিক আফজাল ২ হাজার,জহিরুল ১ হাজার,ফজলুল হক ১ হাজার,দুলাল ২ হাজার ও মামুনকে ১ হাজার টাকা অর্থ দন্ড দিয়ে আদায় করা হয়। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন জানান,জনদূর্ভোগের কারনে স্থানীয় সরকার(পৌরসভা) আইন ২০০৯ এর ধারায় রাস্তার পাশে অবৈধ দোকান উচ্ছেদ ও ৬ দোকানদারকে অর্থদণ্ড দেয়া হয়েছে । এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
