দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: তীব্র তাপদাহে পুড়ছে নবাবগঞ্জসহ গোটা দেশ। অসহ্য গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে ফসল। এমন পরিস্থিতিতে ঢাকার নবাবগঞ্জের সমসাবাদ এলাকায় মহান আল্লাহ তায়ালার নিকট বৃষ্টি চেয়ে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় ও মোনাজাত করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মঙ্গলবার সকাল ১১টায় কলাকোপা ইমাম পরিষদের আয়োজনে সমসাবাদ গান্ধীর মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচন্ড খরা থেকে রেহাই পেতে মহান রবের কাছে বিশেষ মোনাজাত করা হয়েছে। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন কলাকোপা ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মুফতী ইব্রাহিম খলিল।
নামাজ ও দোয়ায় ছাত্র, যুবক, বৃদ্ধসহ কয়েক শতাধিক ধর্ম প্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। একনিষ্ঠ তাওবা মাধ্যমে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করে ২ রাকাত সুন্নত নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা হয়।
নামাজপূর্বে সংক্ষিপ্ত বয়ানে মুফতী ইব্রাহিম খলিল বলেন, পৃথিবীর মাটি যখন শুকিয়ে যায় বা অনাবৃষ্টি ও খরা দেখা দেয় এবং কূপ ও ঝর্ণার পানি কমে যায় অথবা নদী শুকিয়ে যায় তখন সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়। এই নামাজ ঈদের নামাজের সময়ের মতোই। মসজিদে নয় বরং খোলা মাঠে জামাতের সঙ্গে আদায় করতে হয়। এই নামাজে কোনো আজান বা ইকামত নেই।
