নবাবগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে পুলিশ সদস্য পরিচয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত প্রধান আসামী মো. মোজাম্মেল হোসেন আপেল ওরফে হাজী আপেল (৪৬) ও মো. আইয়ুব (৩৮) নামে তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার ((৭ মার্চ)) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর-রশিদ। এ ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মোজাম্মেল হোসেন আপেল গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে ওসি মামুন অর-রশিদ জানান, নবাবগঞ্জ উপজেলার আগলা বাজারে দিয়া জুয়েলার্সের মালিক কৃষ্ণ সাহা গত বছরের ৩০ এপ্রিল সকালে টিকরপুরের বাড়ি থেকে অটোরিক্সায় দোকানে যাচ্ছিলেন। আগলা পোস্ট অফিসের সামনে পুলিশ পরিচয়ে ডাকাতরা তাঁকে মাইক্রোবাসে তুলে নেয়। পরে মানিকগঞ্জ জেলার সিংগাইরের সাওরাইল গ্রামের নির্জন খাদের কাছে কৃষ্ণ সাহাকে মারধর করে ২৫০ ভরি স্বর্ণ ও ৫০০ ভরি রুপা ও নগদ টাকা লুট করে ডাকাতরা। সেখানেই তাঁকে ফেলে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় মামলার পর অভিযানে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় টানা সাত দিন ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, লক্ষীপুর জেলায় অভিযান চালিয়ে ১৭৭ ভরি স্বর্ণ ও ৩৮৬ ভরি রুপা, একটি মাইক্রোবাস, দুটি অটোরিক্সাসহ ১৩ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে গ্রেপ্তারকৃত ১৩ জনের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এঘটনায় জড়িত প্রধান আসামী মোজাম্মেল হোসেন আপেল ওরফে হাজী আপেলকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। মাজাম্মেল হোসেন আপেলের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২১ ভরি স্বর্ণালংকার, দেড় ভরি রুপা ও নগদ অর্থ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় তার সহযোগি আইয়ুবকে। ওসি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামী মোজাম্মেল হোসেন আপেল ওরফে হাজী আপেলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *