দোহার (ঢাকা) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় ঢাকার দোহার উপজেলাতে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউন বাস্তবায়নে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। এছাড়া আক্রান্ত ব্যক্তিদের হোম-কোয়ারেন্টাইন নিশ্চিত করে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে উপজেলার বেশ কয়েকটি এলাকায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে কোয়ারেন্টাইন নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। পরে বিভিন্ন বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করেন বিজিবি ও দোহার থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র জানান, দোহারে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তাই অক্রান্ত ব্যক্তিদের বাড়িগুলোতে শতভাগ লকডাউন নিশ্চিত করা হচ্ছে। এছাড়া স্বাস্থ্যবিধি মানাতে হাটবাজারগুলোতে অভিযান অব্যাহত থাকবে। এসময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
