কেরানীগঞ্জ প্রতিনিধি :
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা ইসলামী আন্দোলন শাখার উদ্যোগে কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর ও সাভার এলাকায় ১৪ হাজার অসহায় কর্মহীন মানুষের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে কেরানীগঞ্জ মডেল থানার সাতটি ইউনিয়ন, কামরাঙ্গীর চরের তিনটি ওয়ার্ড এবং সাভার থানার তিনটি ওয়ার্ড এলাকায় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া এসব এলাকায় সাধারণ মানুষের মাঝে মাস্ক ও সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয় এবং জীবানুনাশক ঔষধ ছিটানো হয়। অন্যদিকে এসব এলাকায় গরীব ও অসহায় আলেম পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানা ইসলামী আন্দোলন শাখার সেক্রেটারী হাফেজ মাওলানা মো. জহিরুল ইসলামের নেতৃত্বে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হাফেজ মাওলানা মো. জহিরুল ইসলাম গত সংসদ নির্বাচনে ঢাকা- ২ আসনের হাত পাখার প্রার্থী ছিলেন।
তিনি জানান, করোনাভাইরাসের কারণে কর্মজীবি মানুষগুলো এখন কর্মহীন হয়ে পড়েছে। বিশেষ করে শ্রমজীবি খেটে খাওয়া মানুষগুলোর অবস্থা দিনদিন খুবই শোচনীয় হয়ে পড়ছে। তার সংসদীয় আসনেও শতশত খেটে খাওয়া শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। এসব অসহায় কর্মহীন মানুষকে কিছু খাদ্যসামগ্রী সহায়তা করতে পেরে তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি সমাজের বিত্তবানদের এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়ে তাদের সাহায্য সহযোগিতা করার আহবান জানান।
