নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১১ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ আগস্ট) সরকার ঘোষিত কঠোর লকডাউনে সকাল থেকে বিকেল পর্যন্ত দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি সরকার ঘোষিত সংক্রমণ রোধে কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলার জয়পাড়া আয়োজন মোড়, থানার মোড় ও মেঘুলা বাজার এলাকাসহ বিভিন্ন পয়েন্টে দোকানপাট ও গণপরিবহন বন্ধ নিশ্চিত করতে এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্যবিধি অমান্য করে দোকান খোলা রাখায় ৬ ব্যবসায়ী ও কয়েকজন ক্রেতাসহ ১১ জনকে ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড প্রদান করেন।
কঠোর লকডাউন বাস্তবায়নে সকাল থেকেই মাঠে কাজ করছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামালসহ দোহার থানার পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং উপজেলা আনসার সদস্যগণ।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি জানান, লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
