নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরার অপরাধে ১৪ জেলেকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১০ জেলেকে দণ্ডবিধি-১৮৬০ এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়াসহ আরো ৪ জনকে ২০ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়। পরে জব্দকৃত প্রায় সাড়ে তিন লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। পাশাপাশি জব্দকৃত ইলিশ মাছ নিকটস্থ এতিমখানায় বিতরণ করা হয় ও ব্যবহৃত নৌকা বাজেয়াপ্ত করা হয়।
অভিযানে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা শিরীন সুলতানা মুন্নী এবং কুতুবপুর নৌ-পুলিশ ।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান বলেন, অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়। মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ৩ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
