ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় দোহার উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় দোহার উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১২.৩০ মিনিটে দোহার উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবা’র সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জ্যোতি বিকাশ চন্দ্র এর সঞ্চালনায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

এসময় পদ্মানদীর তীরবর্তী এলাকার মানুষের নিরাপত্তার জন্য ৬ টি অস্থায়ী সাইক্লোন সেন্টার ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এছাড়া প্রতিটি এলাকার জন্য মেডিকেল টিম, উদ্ধার কারী টিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ মোবাইল টিম, প্রয়োজনীয় সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনীসহ ইউনিয়ন পর্যায়ে দূর্যোগ কমিটিকে সার্বিক প্রস্তুতি নিতে বলা হয়েছে।

জন সচেতনতা সৃষ্টির জন্য প্রত্যেক ইউনিয়নে মাইকে ঘোষণার ব্যবস্থা করা হয়েছে। আজ সন্ধ্যা ৭ টা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল নৌ ঘাটে নৌ চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। পদ্মানদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জনাব রাসাদ বিন কালাম, দোহার স্বাস্থ্য কমপ্লেক্স এর ডা জসীমউদ্দিন, দোহার থানার প্রতিনিধি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো আল সাঈদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *