মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে পূর্ব শত্রুতার জের ধরে একটি মহিলা মাদ্রাসায় পরিচালকসহ তার পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে মারধরসহ ঘরে থাকা মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর চায়না দুয়ার কারখানার পাশে
জামিয়া উম্মুল ক্বোরা মহিলা মাদ্রাসায় এই হামলার ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের তানজিলা আক্তার বাদী হয়ে আলী হোসেন ও রোকনকে প্রধান আসামী করে ২৫ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পৃথক আইনে দুটি মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা যায়,ভুক্তভোগীর স্বামী মুফতি তকীউর রহমান বালাশুর এলাকায় দ্বীনি শিক্ষার জন্য জামিয়া উম্মুল ক্বোরা নামে একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করে সুনামের সাথে দীর্ঘদিন যাবৎ মাদ্রাসা পরিচালনা করে আসছেন।
স্থানীয় ইসলাম বিদ্বেষী কিছু খারাপ লোকজনদের সাথে তার স্বামীর দ্বন্দ্ব ও তার কাছে মোটা অংকের চাঁদা দাবী করে আসছিল। চাঁদা না দেয়ায় মাদ্রাসার বিরুদ্ধে মিথ্যা অপবাদ প্রচার করে এবং পরিচালক মুফতি তকিউরকে হুমকি ধামকীসহ মাদ্রাসাটি বন্ধের যড়যন্ত্র করে আসছিল আলী হোসেনগং। ঘটনার দিন গত ৬ আগষ্ট বুধবার রাত ৭টার দিকে আলী হোসেনসহ ঐ এলাকার রোকন,শাহ আলম তালুকদার,সাকিব,আবু বক্কর,তানভির,সোলাইমান,সায়েম,রনি,জাফর,কামাল,সিজান,জিসান,রিপন,সাগর শাকিল,খালিদ,ইমন,তুহিন, নয়ন, শিবলু ও হাসানগং বে-আইনীভাবে হাতে দেশীয় অস্ত্র নিয়ে মহিলা মাদ্রাসা ও বসত বাড়ীর বিল্ডিংয়ে স্থাপিত সি.সি ক্যামেরা ও দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ভুক্তভোগীর বৃদ্ধা শ্বাশুড়িকে মারধর করে আহত করে।
এসময় ভুক্তভোগী ও তার স্বামী তকিউর এগিয়ে গেলে তাদেরকে হত্যার উদ্দেশ্যে দা, লাঠি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে। ভুক্তভোগীর পড়নের কাপড় টানিয়া করে শ্লীলতাহানীর চেষ্টা করে এবং তার ৩ ও ৫ বছরের দুই ছেলেকে শ্বাস করে হত্যার চেষ্টা করে। হামলাকারীরা গলায় থাকা স্বর্ণের চেইন, রুমে থাকা ল্যাপটপ, এন্ড্রোয়েড মোবাইলসেট ও স্টীলের আলমারীর তালা ভেঙ্গে স্বর্ণালংকার, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ঘরে আসবাবপত্র ভাংচুর করে হত্যার হুমকি দিয়ে চলে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
স্থানীয়রা জানান, মাদ্রাসার পরিচালক মুফতি তকিউর রহমান তার মাদ্রাসায় পড়ুয়া এক ছাত্রীকে যৌন পীরণের চেষ্টা করার সংবাদ পেয়ে স্থানীয় লোকজন মাদ্রাসায় গিয়ে তকিউরকেসহ তার পরিবারের সদস্যদের মারধর করে। পরে এঘটনায় যৌন পীরণে শিকার ঐ ছাত্রী অভিভাবক বাদী হয়ে তকিউরের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে পুলিশ ঐ মামলায় তকিউরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।
এব্যাপারে শ্রীনগর থানার এসআই গোলাম মোস্তফা বলেন, এই ঘটনায় মাদ্রাসার ছাত্রীর অভিভাবক বাদী হয়ে নারী ও শিশু নির্যাতনে আইনে মামলা দায়ের করার পর। বিবাদী তকিউরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
