মো. নাজমুল হোসেন: দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটাচ্ছে। এখন জামিন দিয়ে গৃহবন্ধী করেছে। বিএনপির এমন কোন নেতা নেই যার নামে মামলা নেই। মামলাবাজ সরকার মামলা ছাড়া কিছু বুঝে না। সরকার সাধারণ মানুষকে মামলার ভয় দেখায়। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মামলার ভয় দেখিয়ে মানুষকে ঠেকিয়ে রাখছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। রবিবার বিকেলে ঢাকা জেলা বিএনপি আয়োজিত নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, এই অবৈধ জালিম সরকারকে হঠাতে নতুন প্রজন্ম ও তরুণদেরকে এগিয়ে আসতে হবে। কোন অন্যায়কে আর প্রশ্রয় দেয়া হবে না। যে কোনমূল্যে সরকারকে ঠেকাতে হবে। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।
ফখরুল বলেন, দেশের সমস্ত ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে সব লুটপাট করে শেষ করে দিচ্ছে এই অবৈধ সরকার। আওয়ামী লীগের অনেকেই আছে যার সেন্ডেল পড়ার ক্ষমতা ছিলো না। তারা এখন দেশের মানুষের রক্ত চুষে খাচ্ছে, বড় বড় অট্রালিকা বানিচ্ছে।
মহাসচিব বলেন, আমরা বাংলাদের মানুষ অত্যন্ত সংকটময় মুহুর্ত কাটাচ্ছি। এ সংকট বিএনপির, তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সংকট নয় এ সংকট দেশের মানুষের সংকট। চালের দাম বাড়ছে। চাল ডাল তেল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব কিছুর দাম অনেক উর্ধ্বগতি। মানুষ এখন ঠিকমত খেতে পায়না। সরকারের বিপক্ষে কোন কথা বলা যায় না। কথা বললেই জেলে যেতে হয়।
ফখরুল বলেন, ১৫ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় বসে আছে। কেউ কোন কথা বলতে পারছে না। দেশে কোন স্বাস্থ্যসেবা নাই। দেশের মানুষের কোন উপকার হচ্ছে না। তারা দেশে আবার নতুন নির্বাচনের পাঁয়তারা করছে। বলছে দেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না। তার মানে বেআইনি ভাবে আবারও ক্ষমতায় আসতে চায়। এ দেশের জনগণ আর আপনাদের ক্ষমতায় দেখতে চায় না। অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন। দেশের মানুষকে শান্তিতে থাকতে দিন।
ফকরুল আরও বলেন, আমাদের দেশ নায়ক তারেক জিয়ার স্লোগান বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজ পথে। আমরা রাজ পথে আওয়ামীলীগকে আসার আহবান জানাচ্ছি। আসুন রাজপথে লড়াই করি। জোড় করে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। বাংলাদেশের মানুষ আপনাদের সেই সুযোগ আর দিবে না। এবার যেমন করেই হোক আন্দোলনের মধ্যদিয়ে সরকার পতন করা হবে।
বক্তব্য শেষে মির্জা ফকরুল শহীদ মিনার থেকে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে উপজেলার প্রধান সড়ক ধরে বক্সনগরের দিকে পদযাত্রা শুরু করে গাড়ি যোগে ঢাকায় চলে যান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এ্যাড. নিপুন রায় চৌধুরী। এসময় ঢাকা জেলার বিভিন্ন উপজেলার বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পদযাত্রায় অংশগ্রহণ করেন ।
