সিংগাইরে গরুসহ পিকআপ ডাকাতির ঘটনায় আট ডাকাত গ্রেফতার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে গরুসহ পিকআপ ডাকাতির ঘটনায় মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া একটি পিকআপ , মোবাইল ফোন এবং ডাকাত দলের ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়। তবে ডাকাতি হওয়া গরু উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মো. আলমগীর শেখ (৩৩), বাবু খা (২৩), আবু দাউদ ওরফে তাহের (৪৩), শেখ ইলিয়াস (৩২), শিবালয় উপজেলা সাইফুল ইসলাম (২৩), রফিকুল ইসলাম (২৬), জয়পুরহাট জেলার গঙ্গাদাশপুর এলাকার মো. শাহজাহান (২৭), শেরপুর জেলার মরিচাপাড়া এলাকার মঙ্গল আলী (৫২)।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল রাতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সিএফসিএল ডেইরি ফার্মের একটি গরু ভর্তি ট্রাক স্থানান্তরের জন্য রাজধানীর ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিংগাইর উপজেলার গাড়াদিয়া এলাকা পাড় হওয়ার সময় গাড়িটিকে গতিরোধ করে ডাকাত দল। এ সময় গাড়িতে থাকা ড্রাইভার-হেলপারকে মারধর করে গরু ভর্তি একটি পিকআপ গাড়ি ও তিনটি মোবাইল ফোন ডাকাত দল নিয়ে যায়। পিকআপ ও তিনটি গরু এবং মোবাইল ফোনের সর্বমোট মূল্য প্রায় ৩৪ লক্ষ ৩৩ হাজার টাকা। এ নিয়ে মামলা হলে ২৪ ঘন্টার মধ্যে মানিকগঞ্জ এবং রাজধানী ঢাকার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

পরবর্তীতে গ্রেফতারকৃত ডাকাতদের দেয়া তথ্য মতে ডাকাতি হওয়া ত্রিশ লক্ষ টাকা মূল্যমানের একটি পিকআপ গাড়ি, মোবাইল ফোন ও ডাকাতদের ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। ডাকাতি হওয়া তিনটি গরু কসাইয়ের কাছে তাৎক্ষণাত বিক্রি এবং জবাই হওয়ায় করণে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে বিক্রিত পাঁচ হাজার টাকা উদ্ধার হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, ক্লু-লেছ ডাকাতির ঘটনায় আমাদের কাছে কোন তথ্য ছিল না। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ২৪ ঘণ্টার মধ্যে এ চক্রকে ধরতে সক্ষম হয়েছি। প্রাথমিক স্বীকারোক্তিতে গ্রেফতারকৃতরা ডাকাতির ঘটনা স্বীকার করেছে। তাদেরকে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃতদের তথ্য মতে আন্তঃজেলা ডাকাত চক্রের সংশ্লিষ্ট একাধিক সদস্যকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *