আজকের পরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
এর প্রভাব পড়েছে ঢাকার দোহার উপজেলাতেও। আজ উপজেলার বিভিন্ন এলাকায় তুলনামূলকভাবে খুব কম যানবাহন চলাচল করতে দেখা গেছে। সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা, স্বাভাবিক দিনের তুলনায় মানুষের চলাচলও কম ছিল।
এছাড়া নির্বাচন উপলক্ষে দোহার উপজেলার প্রায় সব মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা গেছে। প্রয়োজনীয় কিছু দোকান ছাড়া অধিকাংশ দোকানপাটই বন্ধ ছিল, ফলে এলাকায় এক ধরনের নীরবতা বিরাজ করছে।
স্থানীয়দের মতে, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তারা প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
তবে, মোটরসাইকেল বন্ধ থাকায় অনেককেই পড়তে হয়েছে বিড়ম্বনায়। তারা যুক্তি হিসেবে দেখাচ্ছেন, রিকশা ও ইজিবাইক পাওয়া যাচ্ছে না। আর পাওয়া গেলেও ভাড়া একটু বেশি চাচ্ছেন তারা।
