নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার পালামগঞ্জ থেকে জয়পাড়া যাওয়ার বাইপাস রাইপাড়া সংযোগ সেতুটির ঢালাই ভেঙ্গে রড বেড়িয়ে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটবে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।
শুধু তাই নয় সরজমিনে দেখা যায়, ১৫ মিটার দৈর্ঘের এই সেতুটির দুই পাশের রেলিং প্রায় ভেঙে গিয়েছে। এতে ভিতরে থাকা ইটের সুরকি বের হয়ে রড দেখা যাচ্ছে। যার ফলে যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে। সেতুটির উপর দিয়ে প্রতিদিন প্রায় কয়েক’শ যানবাহন চলাচল করে।
স্থানীয় বাসিন্দা সোহেল বলেন, জয়পাড়া থেকে দ্রুত পালামগঞ্জ আসতে পবন বেপারী সড়ক হয়ে সহজেই আসা যায়। কিন্তু ব্রিজটি ভাঙ্গা থাকায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। আগে তো শুধু রেলিং ভাঙ্গা ছিলো। এখন তো ব্রিজের মাঝের ঢালাই ভেঙ্গে রড বেড়িয়ে গিয়েছে। যত দ্রুত সম্ভব ব্রিজটির যান চলাচল বন্ধ করে নতুন ব্রিজ নির্মানের দাবি জানাচ্ছি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ব্রিজটির বয়স প্রায় ৩০ বছর। যেকোনো মুহুর্তে ব্রিজটি ভেঙ্গে যেতে পারে। আমরা দুই বছর ধরে তাদের নাটক দেখছি। আজ সয়েল টেষ্ট, কাল ব্রিজ মাপ। কোনো দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
এ ব্যাপারে জানতে চাইলে দোহার উপজেলা প্রকৌশলী হানিফ মুর্শিদী বলেন, আমি এখানে নতুন জয়েন করেছি। বিষয়টি আমার জানা ছিলো না। আমি আপনার মাধ্যমে এখন জানলাম। আমি এখনি লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
