সিংগাইরে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়

সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি :“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ।” এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

শনিবার (২৩ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও দিপন দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার লিখিত বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছিলেন- মাছ হবে দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ । সেই লক্ষ্যে মৎস্য অধিদপ্তর কাজ করছে। আগামী ২৩-২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, এ উপজেলায় মাছের চাহিদা ২৮ মেট্রিকটন , উৎপাদন হয় ২৬ মেট্রিকটন। বাকী চাহিদা পূরণে পুকুর খনন ও খাঁচা পদ্ধতিতে মাছ চাষ করার পরিকল্পনা নেয়া হচ্ছে। তিনি আরো বলেন, নাব্যতা হারিয়ে যাওয়ায় ধলেশ্বরী ও কালিগঙ্গা নদীতে মাছের উৎপাদন কমে গেছে। কলকারখানার ময়লা-আবর্জনার কারণে মাছের রেনু ফুটছে না। অপরদিকে উপজেলার বিভিন্ন এলাকায় লোকজন মাছ চাষের কথা বলে পুকুর খননের অনুমতি নিলেও বাস্তবে দেখা গেছে তিন ফসলি জমি থেকে শুধু মাট বিক্রিই করছে। মাটি বিক্রি করে ফসলি জমি নষ্ট করলেও কাউকে মাছ চাষ করতে দেখা যায় না। এছাড়া চায়না জাল দিয়ে মাছ শিকারের পাশাপাশি রাক্ষুসী মাছ উৎপাদন বিপনন ও বাজারজাত করণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন-সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বাদশাহ, মো. সোহরাব হোসেন, মো. রকিবুল হাসান বিশ্বাস, মোহাম্মদআলী, মোস্তাক আহম্মেদ, সুজন মাহমুদ, মোবারক হোসেনসহ উপজেলা কৃষি কর্মকর্তা টিপু সুলতান সপন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম শাহিনুজ্জামান শিশির, এসআই মো. রাকিবুল ইসলাম ও সরকারি অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *