মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ধলেশ্বরী নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির (পুরুষ) লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ। মঙ্গলবার(১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জার্মিত্তা ইউনিয়নের বিন্নাডাঙ্গী এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ ফাঁড়ি সংলগ্ন দক্ষিণ দিকের রাস্তা থেকে প্রায় এক কিলোমিটার দূরে ধলেশ্বরী নদীর পানিতে কচুরিপানার মধ্যে লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হলে সিংগাইর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, নিহতের এখন পর্যন্ত কোনো পরিচয় বা সন্ধান পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
