দোহারের কাটাখালীতে সিসি ক্যামেরা নিয়ে সংঘর্ষ: প্রাণনাশের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার কাটাখালী এলাকায় নিজের নিরাপত্তার জন্য বসতবাড়িতে সিসি ক্যামেরা স্থাপনকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও বিএনপি নেতা রেজুয়ার ওরফে রিয়াজুল এবং তাঁর লোকজনের বিরুদ্ধে হামলা ও মারধরের এই অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ আওলাদ হোসেন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। তবে মামলা করার পর থেকে আসামিপক্ষ থেকে আরও বেশি ক্ষিপ্ত হয়ে নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী মোঃআওলাদ হোসেন জানান, দীর্ঘদিন প্রবাস জীবন শেষে তিনি কাটাখালীতে গ্রিল ওয়ার্কশপ চালিয়ে কোনো রকমে তিন কন্যাসন্তান নিয়ে জীবিকা নির্বাহ করছেন। তাঁর অভিযোগ, প্রভাবশালী রেজুয়ার ও তাঁর ভাবি মাসু সহ তার ছেলেরা মিলে দীর্ঘদিন ধরে তাঁর ওপর নানাভাবে জুলুম চালিয়ে আসছেন। এর আগে মুরগির খামার অপসারণ, সীমানার বেড়া ও গেট সরাতে বাধ্য করা হয়েছিল। ঝামেলা এড়াতে তিনি সেসব মেনে নিলেও, সম্প্রতি নিজের নিরাপত্তার স্বার্থে বাড়ির ভেতরে সিসি ক্যামেরা লাগানোর পর থেকে বিরোধ চরমে পৌঁছায়।

ভুক্তভোগীর ভাষ্যমতে, গত ২ নভেম্বর ২০২৬ তারিখে সিসি ক্যামেরা নামানোর জন্য তাঁকে চাপ দেওয়া হয়। ক্যামেরা সরাতে অস্বীকৃতি জানালে রেজুয়ার, তাঁর দুই ছেলে ও মাসুমসহ একদল লোক দলবেঁধে তাঁর ওপর চড়াও হন। হামলাকারীরা সিসি ক্যামেরা ও ওয়াইফাইয়ের তার ছিঁড়ে ফেলেন এবং তাদের উপর হামলা চালান।

ভুক্তভোগীর স্ত্রী জানান, হামলাকারীরা তাঁদের ওপর শারীরিক নির্যাতন চালান। এমনকি দোকান বন্ধ রাখা এবং মামলা তুলে নেওয়ার জন্য বারবার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এই চরম আতঙ্কে ঘরের বাইরে যাওয়া তো দূরের কথা, তাঁদের মেয়ের স্কুলে যাওয়া বন্ধ রয়েছে এবং পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন স্থানীয় নারী জানান, সেদিন প্রকাশ্য রাস্তায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও গালিগালাজের ঘটনা ঘটে।

আরেক প্রত্যক্ষদর্শী জানান, ওই পক্ষের লোক রেজুয়ারের নেতৃত্বে মারধরের ঘটনা ঘটে এবং “ওরা মাইরা ফালাইবো” বলে প্রকাশ্য হুমকি দেওয়া হচ্ছিল। এ ধরনের প্রকাশ্য মারধর ও হুমকিতে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

অভিযুক্ত রেজুয়ার বলেন: তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানান, ঘটনার দিন আওলাদ তাঁর দিকে মোবাইল ক্যামেরা ধরে গালিগালাজ করেন। মুরুব্বিদের নিয়ে সালিশ বৈঠকের দিন নির্ধারিত থাকলেও আওলাদ তা না মেনে আদালতে মামলা করেন। তাঁকে কোনো হুমকি দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

গ্রামের মুরুব্বি রশিদ ও মেজর আলমাস: তাঁরা জানান, দুই পক্ষের মধ্যে সীমানা নিয়ে বিরোধের জেরে সালিশ বা মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু আওলাদ শেষ পর্যন্ত সালিশ না মেনে আইনি পদক্ষেপের পথ বেছে নেন। রশিদ দাবি করেন, আওলাদের পরিবার যে নিরাপত্তাহীনতার কথা বলছে, বিষয়টি কিছুটা বাড়িয়ে বলা হচ্ছে।

গ্রামের মুরুব্বি আব্দুল জলিল: তিনি জানান, আওলাদ ও রেজার মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এর আগে দুই পক্ষকে নিয়ে বসে সীমানা নির্ধারণের চেষ্টা হলেও পরবর্তীতে সিসি ক্যামেরা সরানো নিয়ে উত্তেজনা ও মারামারির ঘটনা ঘটে। বর্তমানে এই বিরোধের বিষয়টি আদালতে গড়িয়েছে।

দোহার থানার এএসআই সোহরাব জানান, এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালতের অনুমতির জন্য ইতিমধ্যেই একটি জিডি ও চিঠি পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনগত প্রতিবেদন প্রস্তুত করে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *