মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ)থেকে: মানিকগঞ্জের সিংগাইরে একটি চোরাই গরু, একটি ব্যাটারি চালিত অটোরিক্সা ও চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ী উদ্ধারসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ মে) বিকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চর সিংগাইর গ্রামের মানিক, জাহিদুল, কাংশা গ্রামের অনিক ও গোবিন্দল ভোর বাজার এলাকার নুরে আলম।
ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, ‘গতকাল সিংগাইর উপজেলার উত্তর জামশা গ্রামের ছায়েদ আলীর বসত বাড়ি থেকে একটি গরু পিকআপ গাড়ী যোগে চুরি করে পালিয়ে যায়। ঘটনা পর অভিযান পরিচালনা করে দেড় লাখ টাকা মূল্যের চুরি যাওয়া গরু ও চুরির কাজে ব্যবহৃত পিকআপ গাড়ীসহ চোরচক্রের তিন সদস্য মানিক, জাহিদুল ও অনিককে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, সিংগাইর উপজেলার আঙ্গারিয়া গ্রামের গরুর হাটের হাসিল ঘরের পাশ থেকে তিন চাকা বিশিষ্ট ব্যাটারী চালিত একটি অটোরিক্সা চুরি হয়ে যায়। চুরির সংবাদ পেয়ে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে চুরি যাওয়া ৭৫ হাজার টাকা মূল্যের অটোরিক্সাটি উদ্ধারসহ নুরে আলম নামের এক চোরকে গ্রেপ্তার করা হয়।’
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সিংগাইর থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
