সম্মেলনের ৫ মাসেও হয়নি পুনাঙ্গ কমিটি- সিংগাইরে ৩ জন দিয়ে চলছে উপজেলা আওয়ামীলীগ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতি‌নি‌ধিঃ  জাঁকজমকপূর্ণভাবে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন হয়েছে গত ৩০ জুলাই। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ৩টি পদের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে কন্ঠশিল্পী মমতাজ বেগম এমপি, সাধারণ সম্পাদক পদে মো. শহিদুর রহমান শহিদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. সায়েদুল ইসলাম মনোনীত হন।

সম্মেলনের পর পেরিয়ে গেছে ৫ মাস। এখনো হয়নি পুনাঙ্গ কমিটি। ৩টি পদ দিয়েই চলছে সিংগাইর উপজেলা আওয়ামীলীগ। আওয়ামীলীগের উপজেলা কমিটিতে পদ বাগিয়ে নিতে সাবেক,ত্যাগী ও নব্য আওয়ামীলীগ নেতারা দৌঁড়-ঝাঁপ শুরু করেছেন। সাবেক উপজেলা কমিটি থেকে অনেকে ইউনিয়ন পর্যায়ে দায়িত্বশীল পদ নিয়ে এখন পুনরায় উপজেলা কমিটিতে পদ নিতে মরিয়া হয়ে ওঠেছেন। রাজনৈতিক মাঠে কোনঠাসায় থাকা সাবেক কেন্দ্রীয় নেতা দেওয়ান সফিউল আরেফিন টুটুল অনুসারীরাও পদ পেতে লবিং করছেন।

এদিকে, আগামী ১১ ডিসেম্বর জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগে গত ৪ ডিসেম্বর দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশের নামে নাশকতারোধ ও জেলা আওয়ামীলীগের সম্মেলন নিয়ে আলোচনা হয়। কিন্তু পুনাঙ্গ কমিটি নিয়ে কোনো আলোচনা না হওয়ায় হতাশা বিরাজ করছে পদ প্রত্যাশীদের মধ্যে। তবে দলীয় সুত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগকে ঢেলে সাজানো হবে। সাংগঠনিক ব্যক্তিরাই দলে প্রাধান্য পাবেন।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান শহিদ বলেন, মাননীয় মমতাজ বেগম এমপি মহোদয় মতামত ছাড়া আমি কিছুই বলতে পারছি না। তিনি আমার নেতা , তার সিদ্ধান্ত মোতাবেক পুনাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *