শ্রীনগরে স্বামী হত্যায় দায়ে স্ত্রীর যাবজ্জীবন 

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ)  প্রতিনিধি:  মুন্সিগঞ্জের শ্রীনগরে স্বামী মো. অলিউল্লাহ মোল্লাকে  হত্যার দায়ে স্ত্রী মাজেদা বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন  আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।  আজ রোববার (১৬ মার্চ) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান এ রায় দেন।   মামলার বিবরনে জানা যায়,উপজেলার পুটিমারা গ্রামের প্রবাসী অলিউল্লাহ তার স্ত্রী মাজেদা ও ৩ সন্তান নিয়ে আলাদা বাড়িতে বসবাস করে আসছিলেন। অলিউল্লাহ সর্বশেষ ২০১৭ সালে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন। কিন্তু পারিবারিক নানা বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। ওই বছরের ৬ ফেব্রুয়ারী রাত সাড়ে ১০ টার দিকে ঘুমাতে যান অলিউল্লাহ। পরদিন ৭ ফেব্রুয়ারি সকালে ২ সন্তান নিয়ে বাড়ি থেকে বাইরে চলে যায় স্ত্রী মাজেদা। এ অবস্থায় ওই দিন দুপুরে অলিউল্লার ভাই মো.আহসান উল্লাহ বাড়িতে এসে গলায় ওড়না পেঁচানো ও হাত-পা বাঁধা অবস্থায় অলিউল্লাহকে ঘরের ভেতর দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে পৌছে অলিউল্লাহ মরদেহ উদ্ধার করে। খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে হাত-পা বেঁধে গলায় ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগ এনে স্ত্রী মাজেদা বেগমসহ মাজেদার বাবার বাড়ির কয়েকজনকে আসামী করে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই মো. আহসান উল্লাহ। মামলা দায়ের করার পর নিহতের স্ত্রী মাজেদা বেগম থানা পুলিশের কাছে আত্মসমর্পন করেন। পরবর্তীতে এ মামলায় স্ত্রী মাজেদা বেগমকে একমাত্র অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে পুলিশ।

এ ব্যাপারে রাস্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর মো. আব্দুল হালিম বলেন, সাক্ষ্য প্রমানের  মধ্য দিয়ে এ মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *