এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলমান থাকাবস্থায় জোর পূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁও এলাকায় জোর পূর্বক এ জমি দখলের অভিযোগ উঠে।
ভুক্তভোগী বিল্লাল শেখের অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কামারগাঁও মৌজার আরএস ১০১০ খতিয়ানের ৪৫৪৬ দাগের ৪৫ শতাংশ সম্পত্তি ভুক্তভোগী বিল্লাল শেখগং সি এস রেকর্ডীয় মালিকের কাছে থেকে ক্রয় সুত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ ভোগদখলে রয়েছেন এবং এই সম্পত্তি নিয়ে বিজ্ঞ দেওয়ানী আদালতে রেকর্ড সংশোধনী মোকদ্দমা নং ৯৯/২৪ দায়ের করেন। নালিশী সম্পত্তি নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলমান থাকাবস্থায় একই এলাকার নুরুল ইসলাম শেখের ছেলে রাজন শেখ, আঃ মজিদ শেখের ছেলে লুৎফর শেখ ও আইয়ুব আলী বেপারীর ছেলে স্বপন বেপারীগং বিভিন্ন তারিখ ও সময়ে ঐ সম্পত্তি জোর পূর্বক দখলের পাঁয়তারা করে আসছে। এতে ভুক্তভোগী বাঁধা দিতে গেলে রাজন শেখগং নানা প্রকার ভয়ভীতিসহ হুমকি দিয়ে প্রদান করে।
এব্যাপারে রাজন শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই সম্পত্তি নিয়ে আমরা উভয় পক্ষ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা ঐ সম্পত্তি কখনও দখল করতে যায়নি এবং কাউকে বাঁধা প্রদানও করিনি।
শ্রীনগর থানার উপ-পুলিশ পরিদর্শক(এস আই) গোলাম মোস্তফা বলেন, উভয় পক্ষকে বিজ্ঞ আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার পরামর্শ দিয়েছি।
