শ্রীনগরে কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা সিংপাড়া সড়কের সাতগাঁও বাসস্ট্যান্ড থেকে বীরতারা ইউনিয়ন তৌহিদি জনতার ব্যানারে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মজিদপুর দয়হাটা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে মাওলানা ওবায়দুল্লাহ কাশেমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ স্বাধীন মোল্লা, ইসলামী আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহাদাত হোসেন লস্করপুরী, হেফাজত ইসলাম সিরাজদিখান উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান, খতমে নবুয়ত শ্রীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন, মাওলানা আওলাদ হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা পবিত্র কুরআন শরীফ পড়ানোর ঘটনায় আটক সোহেলের সর্বোচ্চ বিচার দাবি করেন।
গতকাল শনিবার সন্ধ্যায় শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের নিমতলী গ্রামের সোহেল নামক এক যুবক পবিত্র কোরআন শরীফ ছিড়ে আগুন দিয়ে পোড়ানোর সময় স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দেয়। রাত ৯ টার দিকে সংবাদ পেয়ে শ্রীনগর থানার পুলিশ তাকে উদ্ধার করে। প্রকাশ্যে কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় নিমতলি জামে মসজিদের ইমাম মাওলানা আওলাদ হোসেন বাদী হয়ে সোহেলের বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মীর রুহিন জানান, কোরআন শরীফ অবমাননায় সোহেলের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার সকালে তাকে মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *