শ্রীনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ হোসেনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এবং পরবর্তীতে ‘মব’ সৃষ্টি করে মারধরের মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার ভাগ্যকুল-দোহার আঞ্চলিক সড়কের কামারগাঁও মোকার দোকান এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে স্থানীয় ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আলিফ খানসহ এলাকাবাসী অভিযোগ করেন, গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে কামারগাঁও মোকার দোকান এলাকার ডলি চৌকিদারের বাড়িতে এক নারীসহ ইউপি সদস্য মোশারফ হোসেন অবস্থান করছিলেন। বিষয়টি জানতে পেরে আলিফ খান ও রবিনসহ স্থানীয় কয়েকজন যুবক সেখানে খোঁজ নিতে যান। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ইউপি সদস্য মোশারফ হোসেন বাড়ির পেছনের টিনের গেট দিয়ে নিজের জুতা ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে মেম্বারের ছেলে ও তার সমর্থকরা সেখানে এসে এলাকাবাসীর ওপর হামলা চালায় এবং মোশারফ হোসেনকে ছিনিয়ে নিয়ে যায়।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, মূলত উত্তেজিত জনতার হাত থেকে আমরাই তাকে রক্ষা করেছিলাম। কিন্তু ইউপি সদস্য মোশারফ হোসেন নিজের অপকর্ম ও অনৈতিক ঘটনা আড়াল করতে এবং স্থানীয়দের হেয় প্রতিপন্ন করতে উল্টো ‘মব’ সৃষ্টি করে মারধরের মিথ্যা গল্প সাজিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।

ভুক্তভোগী এলাকাবাসী ও সংবাদ সম্মেলনের আয়োজকরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত সত্য উদ্‌ঘাটন এবং মিথ্যা অভিযোগ দিয়ে স্থানীয় যুবকদের হয়রানি বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *