দোহারে ফুটপাতের ৫০ ক্ষুদ্র ব্যবসায়ীর পুনর্বাসন, লটারিতে দোকানের জায়গা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাতের ৫০ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে নির্দিষ্ট স্থানে পুনর্বাসন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দোহার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও দোহার পৌরসভার যৌথ উদ্যোগে লটারির মাধ্যমে ব্যবসায়ীদের দোকান পরিচালনার স্থান নির্ধারণ করে দেওয়া হয়। পরিবার নিয়ে জীবিকা নির্বাহের সুযোগ নিশ্চিত করতে প্রত্যেক ব্যবসায়ীকে ৫ ফুট বাই ৮ ফুট আয়তনের নির্দিষ্ট জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে।

জানা গেছে, জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ও বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যবর্তী সংযোগ সড়কের এক পাশে সারিবদ্ধভাবে এসব ব্যবসায়ীকে দোকান পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

লটারির মাধ্যমে জায়গা বরাদ্দ প্রদানকালে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ব্যবসায়ীদের জীবিকা নির্বাহের বিষয়টি বিবেচনা করেই এই বিকল্প ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেককে নির্ধারিত ৫ ফুট বাই ৮ ফুট জায়গার মধ্যেই ব্যবসা পরিচালনা করতে হবে। কোনোভাবেই নির্ধারিত সীমানার বাইরে যাওয়া যাবে না, যাতে পথচারী ও যানবাহন চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়।

তিনি আরও বলেন, বিশেষ করে যারা ফাস্টফুড ও বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রি করবেন, তাদের খাবারের মান এবং আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ, দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম এম মামুনুর রশীদ, দোহার পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, স্থানীয় বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পুনর্বাসনপ্রাপ্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *