শরীফ ওসমান হাদির স্মরণে রাণীশংকৈলে গায়েবানা জানাযা, প্রতিবাদে উত্তাল জনতা

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গায়েবানা জানাযা ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত গায়েবানা জানাযায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানাযা অনুষ্ঠানে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় গণঅধিকার পরিষদের ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মামুনুর রশিদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, জামায়াতে ইসলামীর যুবনেতা মোকারম হোসাইন এবং ছাত্র আন্দোলনের নেতা আল হাবিবসহ একাধিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
জানাযার আগে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদি কোনো দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি ব্যক্তি বা গোষ্ঠীবিশেষের বিরুদ্ধে নয়, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার পক্ষে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতেন। বিশেষ করে প্রতিবেশী দেশের আধিপত্যবাদী ভূমিকার বিরোধিতায় তিনি ছিলেন সোচ্চার।
বক্তারা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাদের অভিযোগ, হত্যাকাণ্ডের পর প্রশাসন ও গোয়েন্দা সংস্থার তৎপরতা প্রশ্নবিদ্ধ। এখন পর্যন্ত কাউকে আটক না করায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে বলেও তারা জানান। বক্তাদের মতে, প্রশাসনিক নিষ্ক্রিয়তার সুযোগ নিয়েই অভিযুক্তরা সীমান্ত পেরিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
গায়েবানা জানাযায় নামাজ পরিচালনা করেন জামায়াতে ইসলামীর স্থানীয় ওয়ার্ড সভাপতি মো. মাসুদ আলম।
এদিকে, একইদিন সন্ধ্যায় এনসিপি, গণঅধিকার পরিষদ ও ছাত্রজনতার উদ্যোগে রাণীশংকৈল পৌর এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *