ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার গালিমপুর এলাকায় প্রয়াত মন্ত্রী আব্দুল মান্নানের বাসভবনে মান্নান নিলুফার ফাউন্ডেশনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এই আয়োজনের মাধ্যমে ব্যারিস্টার মেহনাজ মান্নান ও খন্দকার আবু আশফাকের নেতৃত্বাধীন বিএনপির দুই গ্রুপের দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান ঘটে। একই সঙ্গে তাঁরা ধানের শীষের পক্ষে বিএনপির মনোনীত প্রার্থীর হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, গত ১৭ বছর ধরে আমরা নির্যাতনের শিকার হয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনের অধিকাংশ সময় এ দেশের মানুষের কল্যাণে ব্যয় করেছেন। অসংখ্য নির্যাতন ও প্রতিকূলতার মুখেও তিনি এ দেশ ও জনগণকে ছেড়ে যাননি। আজ তিনি অসুস্থ। মহান আল্লাহর কাছে আমাদের একটাই কামনা- তিনি যেন দ্রুত আমাদের নেত্রীকে সুস্থতা দান করেন।
উপস্থিত ছিলেন আগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবেদ হোসেন, দোহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার শাহীন মাহমুদ, ঢাকা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন রানা, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভির আহমেদ সানু মোল্লা, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, গালিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তপন মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
