নিজস্ব প্রতিনিধি : ঢাকার চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করতে থাকে। এ ছাড়া গুলিবর্ষণের ঘটনাও ঘটে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, আজ সদ্য গঠিত বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটির নেতাদের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যাওয়ার কথা রয়েছে। এ কর্মসূচিতে দলের কয়েক হাজার নেতাকর্মী সকাল থেকে মাজারে জড়ো হতে থাকেন। সকাল ১০টার দিকে পুলিশের সঙ্গে হঠাৎ এসব নেতাকর্মী সংঘর্ষ বাঁধে।
মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে রক্তাক্ত অবস্থায় পুলিশের সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান তাঁর সঙ্গে রয়েছেন। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বিনা কারণে পুলিশ তাঁদের ওপর টিয়ারসেল ও গুলি চালিয়েছে।
