এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদীখানের মজিবুর খান (৫২) হত্যা মামলায় দুই আসামীর যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করেছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। আজ রবিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন- নুর মোহাম্মদ খান (৩২) ও আইয়ুব খান (৪৫)। দন্ডপ্রাপ্ত নুর মোহাম্মদ জেলার সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর বাসাইল গ্রামের প্রয়াত বাবুল খানের ছেলে ও অপর দন্ডপ্রাপ্ত আইয়ুব একই গ্রামের প্রয়াত আদম আলী খানের ছেলে। নিহত মজিবুর খান একই উপজেলার বাসাইল ইউনিয়নের রাঙ্গামালিয়া গ্রামের হাছেন উদ্দিন খানের ছেলে।
মামলার বিবরনে জানা গেছে, ২০১৭ সালের ৪ জুন দুপুরে উপজেলার ঈমামগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন মজিবুর খান। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিজ বাড়ির অদুরে যেতেই কাাঁচা রাস্তার উপর তার পথরোধ করে প্রতিপক্ষরা।
এসময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দ্বারা তাকে এলোপাতাড়ি কোপায়। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন নিহতের ছেলে আরিফ খান বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের ৩-৪ জনকে আসামী করে সিরাজদীখান থানায় মামলা দায়ের করেন
