এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানের পূর্ব কোলা গ্রামের বাসিন্দা ইলিয়াস মোল্লা হত্যার বিচার ও জড়িত পলাতক আসামীদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী।
রবিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে সিরাজদিখান উপজেলার শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের ছাতিয়ানতলী এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সহস্রাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীনগর উপজেলা সিংপাড়া বাজার হয়ে কোলা গ্রামে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইলিয়াস মোল্লাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ২জন সিদ্িক মোল্লা ও তার ছেলে বিদ্যুৎ মোল্লা এখনো অধরা রয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।
এ সময় বিক্ষোভ মিছিলটি ছাতিয়ানতলী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারসহ কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্কাস আলী মেম্বার, ডাঃ শামসুদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, যুবদল নেতা হোসাইন মোঃ শাহ আলম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১৯ জুন সকাল ৯টার দিকে কোলা প্রাইমারী স্কুলের সামনে দীর্ঘদিনের জমিজমা ও মামলা মোকদ্দমার বিরোধের জেরে বড় ভাই সিদ্দিক মোল্লা, স্ত্রী রওশনারা রুশি মেম্বার, ছেলে বিপ্লব মোল্লা, বিদ্যুৎ মোল্লাগং দেশীয়রঅস্ত্র দিযে নির্মমভাবে ভাতিজা ইলিয়াস মোল্লাকে হত্যা করে এবং আপন ভাই এছাহাক মোল্লাকে হাত,পা কেটে পঙ্গু করে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ইতিমধ্যে এই ঘটনায় জড়িত মূল দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
