দোহারে অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

ঢাকার দোহার উপজেলায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় সাধারণ জনগণ। রবিবার ( ২৮ জুন) দুপুরে উপজেলার দোহার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভে অংশ নেওয়া জনতা পল্লী বিদ্যুতের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে বলেন, তাদের অনেকের বাড়িতে এসি বা ফ্রিজের মতো উচ্চ বিদ্যুৎ খরচকারী কোনো যন্ত্র নেই, তবুও অস্বাভাবিকভাবে বাড়তি বিল আসছে। তারা এই ধরনের ‘ভুতুড়ে বিল’ এবং গ্রাহক হয়রানির তীব্র প্রতিবাদ জানান।
প্রতিবাদকারীরা দ্রুত অতিরিক্ত বিল সংশোধন এবং এ ধরনের অনিয়ম বন্ধের দাবি জানান। এসময় তারা স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করে ডিজিএমের পদত্যাগ দাবি করেন এবং বিদ্যুৎ বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দোহার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত হওয়ার আহ্বান জানায়। এসময় দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক অতিরিক্ত বিল সংশোধনের আশ্বাস দিলে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ করে স্থান ত্যাগ করেন। তবে তারা আলটিমেটাম দেন, দ্রুত সমস্যার সমাধান না হলে তারা আরো কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *