ঢাকার দোহার উপজেলার জয়পাড়ায় অবস্থিত বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস রুমে তালাবদ্ধ অবস্থায় থাকা আলমারির গুরুত্বপূর্ন রেকর্ডপত্রসমূহ উদ্ধার ও তালিকাভুক্ত করার লক্ষ্যে একটি ৭ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান সোহানের নির্দেশক্রমে এ উপকমিটি গঠিত হয়। কমিটির সদস্যরা হলেন শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, আবুল কালাম আজাদ নাদিরা বেগম, আছমা আক্তার, হালিমা সাঈদা ও আলেয়া ফেরদৌসী।
জানা যায়, ১ বছরেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির অফিস রুমের আলমারি তালাবদ্ধ থাকায় বিভিন্ন দাপ্তরিক কাজে ব্যাঘাত ঘটছিল। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নাদিরা বেগম ও পরবর্তীতে শামীমা আক্তার দায়িত্ব নেয়ার পর প্রতিষ্ঠানের সভাপতির নির্দেশনায় তিনবার রেজিস্ট্রি ডাকযোগে অনুপস্থিত অধ্যক্ষ কুলছুম বেগমের কাছে আলমারির চাবি প্রেরণের অনুরোধ জানান। কিন্তু কুলসুম বেগম ও তাঁর পরিবারের কেউ চিঠি গ্রহণ করেননি।
পরবর্তীতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিব হাসান, দোহার প্রেসক্লাবের সভাপতি মো. তারেক রাজীব, সাধারণ সম্পাদক আতাউর রহমান সানীসহ সংশ্লিষ্ট সকল শিক্ষকবৃন্দের উপস্থিতিতে বিদ্যালয়ের পাঁচটি তালাবদ্ধ আলমারি তালা ভেঙে নতুন তালা লাগিয়ে রেকর্ডপত্র উদ্ধারের কাজ শুরু হয়।
সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান বলেন, প্রতিষ্ঠানের কার্যক্রম স্বচ্ছ ও গতিশীল রাখার স্বার্থে এবং রেকর্ডপত্র সংরক্ষণের লক্ষ্যে সকল প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ আগস্ট থেকে তৎকালীন অধ্যক্ষ কুলছুম বেগম অজ্ঞাত কারণে শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনুপস্থিত রয়েছেন।
