বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সাথে খন্দকার মাহমুদ আরশীনের সাক্ষাৎ

নবাবগঞ্জ (ঢাকা )প্রতিনিধি. ঢাকা জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নবাবগঞ্জ ক্রিকেট একাডেমির সভাপতি খন্দকার মাহমুদ আরশীন রবিবার ( ১ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ( বিসিবি ) নবনির্বাচিত সভাপতি ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান কার্যালয়ে এই সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় উভয়ের মধ্যে দেশের ক্রিকেটের উন্নয়ন, তৃণমূল পর্যায়ে অবকাঠামো গড়ে তোলা এবং তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

খন্দকার মাহমুদ আরশীন নবাবগঞ্জ ও আশপাশের অঞ্চলে ক্রিকেটের প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রতিষ্ঠিত নবাবগঞ্জ ক্রিকেট একাডেমি ইতোমধ্যেই স্থানীয় প্রতিভাবান খেলোয়াড় তৈরির একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।

সাক্ষাৎ শেষে খন্দকার মাহমুদ আরশীন বলেন, “আমিনুল ইসলাম বুলবুল শুধু দেশের ক্রিকেট ইতিহাসের একজন গর্ব , তিনিই এখন বিসিবির নেতৃত্বে আছেন—এটি আমাদের জন্য আশার আলো। আমি বিশ্বাস করি, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে দেশের ক্রিকেট আরও একধাপ এগিয়ে যাবে।”
এ সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও খন্দকার মাহমুদ আরশীনের ভূমিকার প্রশংসা করেন এবং তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসারে তাঁর উদ্যোগকে স্বাগত জানান।

সাক্ষাৎকালে দুইজনই ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং ক্রিকেটের উন্নয়নে যৌথভাবে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *