বারুয়াখালী স্কুলে নৌকা বাইচ প্রশিক্ষণ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ মেধাবীদের উচ্চতর প্রশিক্ষণের আশ্বাস

স্টাফ রিপোর্টার: ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনডোর রোইং (নৌকা বাইচ) প্রশিক্ষণ নিয়েছে। বাংলাদেশ রোইং ফেডারেশনের উদ্যোগে দুই দিন ব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। নতুন প্রজন্মের মধ্যে রোইং খেলাকে জনপ্রিয় এবং প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
ইনডোর রোইং হলো রুমের ভেতরে রোইং মেশিনের মাধ্যমে নৌকা বাইচের অনুশীলন ও প্রতিযোগিতার পদ্ধতি। রোইং (নৌকা বাইচ) খেলার একটি আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি, যেখানে পানিতে নৌকা চালানোর পরিবর্তে রোইং মেশিন ব্যবহার করে অনুশীলন করা হয়। এ পদ্ধতিতে একজন খেলোয়াড় বসে বৈঠা চালানোর মতো করে মেশিনের হ্যান্ডেল টেনে রোইংয়ের কৌশল অনুশীলন করেন। ইনডোর রোইংয়ের মাধ্যমে খেলোয়াড়দের শারীরিক শক্তি, সহনশীলতা, পেশির সক্ষমতা, ভারসাম্য ও কৌশলগত দক্ষতা বৃদ্ধি পায়। পানিতে নৌকা বাইচের আগে খেলোয়াড়দের প্রস্তুত করতে এবং নতুন প্রতিভা খুঁজে বের করতে এটি কার্যকর ভূমিকা রাখে।
বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ রোইং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম, ফেডারেশনের যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা, ট্রেজারার মোস্তাক আহমেদ। প্রশিক্ষণ পরিচালনা করেন ফেডারেশনের প্রধান কোচ নাসিরুজ্জামান চৌধুরীসহ ৯ সদস্যর টিম।
দুই দিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রোইং খেলার মৌলিক কৌশল, নিরাপত্তা, সরঞ্জাম ব্যবহারের নিয়ম এবং প্রাথমিক অনুশীলনের বিভিন্ন বিষয় শেখানো হয়। প্রশিক্ষণের পুরো সময়জুড়ে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।
প্রধান অতিথি মাকসুদ আলম বলেন, “পর্যায়ক্রমে নবাবগঞ্জ উপজেলার অন্যান্য বিদ্যালয়েও রোইং প্রশিক্ষণের আয়োজন করা হবে। এ প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্যদের বাছাই করে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।”
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক হারুন অর রশিদ বলেন, ‘বাংলাদেশ রোইং ফেডারেশন আমাদের বিদ্যালয়কে প্রশিক্ষণের জন্য নির্বাচন করায় তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের জন্য এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমাদের ছেলে-মেয়েদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও সম্ভাবনা রয়েছে। তারা যদি নিয়মিত প্রশিক্ষণ, প্রয়োজনীয় সরঞ্জাম এবং ফেডারেশনের ধারাবাহিক সহযোগিতা পায়, তাহলে জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করতে পারবে। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ করতে এবং সম্ভাবনাময় শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
ফেডারেশনের যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা বলেন, ‘বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহ, শৃঙ্খলা ও একাগ্রতা আমাদের সত্যিই মুগ্ধ করেছে। মাত্র দুই দিনের প্রশিক্ষণেই তারা রোইংয়ের মৌলিক কৌশল খুব দ্রুত আয়ত্ত করার চেষ্টা করেছে। এ আগ্রহ ধরে রেখে নিয়মিত অনুশীলন ও সঠিক প্রশিক্ষণের সুযোগ পেলে তারা অনেক দূর যেতে পারবে। আমার বিশ্বাস, ভবিষ্যতে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরাই শুধু ঢাকা জেলায় নয়, জাতীয় পর্যায়েও রোইংয়ে নিজেদের অবস্থান তৈরি করবে। বাংলাদেশ রোইং ফেডারেশন তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রশিক্ষণ দিয়ে পাশে থাকবে।’
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভবিষ্যতে রোইং খেলায় নিজেদের দক্ষ করে গড়ে তোলার আগ্রহ প্রকাশ করে। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি এবং জাতীয় পর্যায়ের জন্য সম্ভাবনাময় প্রতিভা গড়ে তোলার কাজ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *