এমএ কাইয়ুম মাইজভান্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা মাওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটর সাইকেল দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।
২১ ফেব্রুয়ারী বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার হাসাড়া মাছের আড়ৎ সংলগ্ন এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবা হলেন, বরিশালের বাবুগঞ্জ উপজেলার রমজানকাটি এলাকার আবদুল হাকিমের ছেলে মোঃ কামাল হোসেন(৩১) এবং নিহত কামালের মেয়ে মাহিরা মাহি (১০)। নিহত কামাল হোসেন বসুন্ধরা গ্রুপে চাকুরী করতেন। তারা দুজন মোটর সাইকেল করে ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
শ্রীনগর ফায়ার স্টেশন ও স্থানীয় সুত্রে জানা যায়,নিহত কামাল ও তার মেয়ে মোটর সাইকেলে করে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বরিশাল গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলো। মোটর সাইকেলটি দুপুর দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগরের হাসাড়া মৎস্য আড়ৎ ফ্লাইওভার এলাকায় আসে। এসময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি মোটর সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হাড়িয়ে সড়ক দ্বীপে স্ব-জোড়ে ধাক্কা দেয়। কামাল ও মাহিরা সড়কে ছিটকে পড়ে।এতে ঘটনাস্থলেই তাঁরা দুজন মারা যায়।পরে ফায়ার সার্ভিস এসে লাশ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাঞ্চন কুমার সিংহ বলেন, দুর্ঘটনাস্থলেই ওই দুজন মারা গেছে। শুনেছি কোন একটি গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে। কোন গাড়ি দুর্ঘটনা ঘটিয়েছে তা শনাক্ত চেষ্টা চলছে। লাশ থানায় আনা হয়েছে। লাশের জন্য স্বজনদের খবর পাঠানো হয়েছে। তারা আমাদের সাথে যোগাযোগ করে আসতেছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
