পেট্রোল না পেয়ে ক্ষুব্ধ জনতা, হানিফ পেট্রোল পাম্পে ভাঙচুর

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় পেট্রোল না পাওয়াকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা একটি পেট্রোল পাম্পে ভাঙচুর চালিয়েছে। এ সময় পাম্পের ম্যানেজারের অফিস কক্ষ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর সদর উপজেলার হানিফ পেট্রোল পাম্পে পেট্রোল নিতে মোটরসাইকেল চালকসহ বহু মানুষ ভিড় করেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও অনেকে পেট্রোল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তি পাম্পের ম্যানেজারের অফিস কক্ষে ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং সেখানে ভাঙচুর চালান। এতে অফিস কক্ষের জানালা, দরজা ও ভেতরের কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সময় পেট্রোল পাম্প এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানান, পেট্রোল সরবরাহ স্বাভাবিক না থাকায় প্রায়ই ভোগান্তিতে পড়তে হচ্ছে মোটরসাইকেল চালকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *