নিজস্ব প্রতিবেদক. মহামারি করোনার ভয়াবহতা থেকে পরিবার নিরাপদ রাখতে ঘরে ঘরে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহারের আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
ঢাকার দোহারের প্রতিটি ঘরে ঘরে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পৌঁছে দেয়ার লক্ষ্যে বৃহস্পতিবার রাতে উপস্থিত সংবাদকর্মীদের তিনি এ কথা জানান। এসময় তিনি নয়াবাড়ি ইউনিয়নের যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের হাতে সাড়ে ৪ হাজার মাস্ক, ১৫শ হাত ধোঁয়ার সাবান বিতরণের জন্য তুলে দেন। পর্যায়ক্রমে দোহারের প্রতিটি ইউনিয়নে বিতরণের ঘোষণা দেন তিনি। ধোয়াইর গ্রামে এ অনুষ্ঠান করা হয়।
নির্মল রঞ্জন গুহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করছে স্বেচ্ছাসেবক লীগ। কেন না চলমান মহামারি করোনার ভয়াবহতার রুপ নিয়েছে। স্বেচ্ছাসেবক লীগের এবারের লক্ষ্য- “নিজে এবং পরিবার নিরাপদ রাখতে অবশ্যই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করতে হবে”। তবেই এ মহামারি থেকে রক্ষা পাওয়া সম্ভব হতে পারে। এই দোহারের নয়াবাড়ি ইউনিয়নের ধোয়াইর গ্রাম থেকে এর শুরু করা হলো।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসান মতিউর রহমান, কেন্দ্রীয় সদস্য মাহবুব রাজ্জাক অপু, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারী, সহ-সভাপতি মো. রাকিব, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদার, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিলিপ কুমার মন্ডল প্রমুখ।
