স্টাফ রিপোর্টার:ঢাকা জেলা রোভার স্কাউটের আয়োজনে অফিস ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা অর্জন কোর্স ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ, দোহার-নবাবগঞ্জের বিভিন্ন কলেজের প্রায় ৫০ জন রোভার স্কাউট শিক্ষার্থী এতে প্রশিক্ষনার্থী হিসেবে গুগুল ফরমের মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে প্রশিক্ষণে অংশগ্রহণ করে। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। প্রশিক্ষণ সেশনে অফিস ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন ঢাকা জেলা রোভার স্কাউটের কমিশনার মু. ওমর আলী, এলটি। এসময় রোভার স্কাউট ও রোভার লিডারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। সকাল থেকেই অনেক প্রশিক্ষনার্থী অভিভাবকসহ রিপোর্টিংয়ে অংশ নেয়। প্রশিক্ষণ শেষে এক ঘন্টা ব্যাপি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে আগামী ১৪ মার্চ জেলা শাখার আয়োজনে সনদ প্রদান করা হবে বলে জানান মু.ওমর আলী। একই সাথে দুটি ভেন্যুতে প্রশিক্ষণ কার্যক্রম চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ক্রাইম প্রিভেনশন’ বিষয়ে বিভিন্ন ইউনিটের প্রশিক্ষণ স্তরের ৮২ জন রোভার স্কাউট প্রশিক্ষণ গ্রহণ করে, যেখানে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণকারী রোভার স্কাউটদের এ বিষয়ে সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের প্রভাষক ফাবিহা মাহবুব। অপরদিকে দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ সন্নিহিত এলাকার রোভার স্কাউটদের জন্য ‘অফিস ব্যবস্থাপনা’ বিষয়ে সেশন পরিচালিত হয় দোহারের পদ্মা সরকারি কলেজ অডিটোরিয়ামে। পদ্মা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ বলেন, শুধুমাত্র লেখাপড়ার সিলেবাস দিয়ে নিজেকে দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলা যায় না, পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রম হিসেবে রোভার স্কাউট এবং বিএনসিসি কার্যক্রমে শিক্ষার্থীরা নিজেকে নিয়োজিত রাখলে ভবিষ্যতে তারা একজন দক্ষ জনশক্তি হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। পদ্মা সরকারি কলেজকে ভেন্যু হিসেবে নির্বাচন করায় অধ্যক্ষ জেলা রোভার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। প্রশিক্ষণ কার্যক্রমে আইসিটি সহায়তা প্রদানসহ সমন্বয়ের দায়িত্বে ছিলেন প্রভাষক আলমগীর হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন পদ্মা সরকারি কলেজের উপাধ্যক্ষ মো: জালাল হোসেন, সাবেক ক্রীড়া কর্মকর্তা ও রোভার লিডার এবং ঢাকা জেলা সহকারী কমিশনার মোল্লা মোহাম্মদ ইমদাদুল হক চান, জেলা রোভার সম্পাদক দেওয়ান মোহাম্মদ জাহিবুল হাসানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের রোভার লিডার ও শিক্ষকবৃন্দ। প্রশিক্ষণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন পদ্মা সরকারি কলেজের উপাধ্যক্ষ মো:জালাল হোসেন এবং রোভার স্কাউটের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।
