নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ক্লিনিক মালিককে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে উপজেলায় দুই ক্লিনিক মালিককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)  মো.আ. হালিম ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বান্দুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্স না থাকায় বেসরকারি প্রতিষ্ঠান সুসমা পলি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও চক্ষু হাসপাতালের মালিক পার্থ সারথি মন্ডলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও সিয়াম চক্ষু হাসপাতালের মালিক মো. হান্নান শেখকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম জানান, বেসরকারি ক্লিনিক নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী লাইসেন্স গ্রহণ করা ছাড়া কোনো বেসরকারি ক্লিনিক পরিচালনা করার সুযোগ নেই। ইতোপূর্বে নবাবগঞ্জ উপজেলার লাইসেন্স বিহীন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে লাইসেন্স গ্রহণ করার জন্য সচেতন করা হয়েছে। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে ।
অভিযানে নবাবগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *