নাজমুল হোসেন: ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী গ্রামে বট-পাকুরের অভিনব বিয়ের ১৯তম বিবাহ বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার এ উপলক্ষে পাঁচ হাজার লোককে দাওয়াত করে খাওয়ালেন এলাকাবাসী। বসেছে ৪দিনব্যাপি গ্রাম্য মেলা।
এলাকাবাসী জানান, প্রতি বছর ১৮ অগ্রহায়ন বট-পাকুরের বিয়েতে এলাকাবাসীসহ দোহার ও নবাবগঞ্জ উপজেলার কয়েক হাজার মানুষকে দাওয়াত দেওয়া হয়। দাওয়াতে হিন্দু, মুসলমান ও খ্রীষ্টান ধর্মাবলম্বীদের আগমন ঘটে। এর মধ্যে বেশির ভাগ অবিবাহিত যুবক-যুবতীদের দেখা যায়। খিচুড়ী-পায়েস দিয়ে তাদের আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানের আয়োজক কমল পাল জানান, আমি স্থানীয় রাহেন সাধুর ভক্ত ছিলাম। তিনি মুসলমান ধর্মাবলম্বী ছিলেন। তার আদেশে ৩৮ বছর আগে ইছামতি নদীর পাড়ে গাছ দুটো রোপন করি। ২০০৬ সালের দিকে বাড়িতে বিয়ের বয়সী চার ছেলে-মেয়ে ছিল। কিন্তু তাদের বিয়ে হচ্ছিল না কিছুতেই। এক রাতে এলাকার একজন স্বপ্নে দেখেন বট-পাকুরের বিয়ে না দিলে ছেলে মেয়েদের বিয়ে হবে না। ঐ বছরের ১৮ অগ্রহায়ন বট-পাকুরের বিয়ে দিলাম। ঐ বছরই বড় ছেলে বাবুল পালের বিয়ে হয়। পরের বছর তার বড় মেয়ে কল্যানী পালের। এভাবে তার সব ছেলে মেয়ের বিয়ে হয়। সেই থেকে ১৯বছর যাবত এ উৎসব পালন করে আসছি। এলাকাবাসীও তাকে সহায়তা করছেন।
