মো. নাজমুল হোসেন :
প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমন মোকাবেলায় রাস্তাঘাটে অযথা জনসমাগম রোধে ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে মাঠে কাজ করছে সেনাবাহিনী। সেনাবাহিনীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিবুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম ।
প্রতিদিনই সকাল থেকে উপজেলার সদর হয়ে সেনাবাহিনীর একটি দল জনসাধারণ অবাধ চলাফেরা নিয়ন্ত্রনে আনতে কাজ করছেন। এ সময় তারা অকারণে বাড়ির বাহিরে না থাকা এবং মাস্ক পরার জন্য লোকজনকে পরামর্শ দেন। অকারণে কোনো স্থানে কেউ দাঁড়িয়ে থাকলে তাকে দ্রুত স্থান ত্যাগ করার পরামর্শ দেন সেনা সদস্যরা। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সেনা সদস্যরা হোম কোয়ারেন্টাইনে থাকা বিভিন্ন মানুষের বাসায় যান এবং তাদের খোঁজখবর নেন। কেউ যদি সরকারি নির্দেশনা না মানে তাদের বিরুদ্ধে জরিমানা ও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সেনা সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিবুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের নিয়ে সেনা বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। জনগণ যাতে সামাজিক দূরত্ব বজায় রাখে, নিজের ও পরিবারের সদস্যদের যেন নিরাপদে রাখে সেই বিষয়ে সচেতনতা সৃষ্টি করছি। একই সাথে যাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তারা যেন সঠিক ভাবে তা পালন করে সেই বিষয়টিও তদারকি করছি। কেউ আইন না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
