দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অবৈধভাবে ব্যাটারীর সীসা গলানোর অপরাধে মো. শামিম ইসলাম (২৫), মো. মানিক মিয়া (২৬), মো. সজিব (২৮), হোসেন আলী (১৮), আব্দুল রব হাওলাদার (৫০) নামে পাঁচজনকে গ্রেপ্তার করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাত দশটার দিকে উপজেলার আগলা ইউনিয়নের টিকরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাতেই ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, বুধবার রাতে উপজেলার আগলা ইউনিয়নের টিকরপুর এলাকায় অবৈধভাবে ব্যাটারির সীসা গলানোর আস্তানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সীসা প্রাকৃতিক পরিবেশ, বাস্তসংস্থান, প্রাণী, মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। এখানে এই ক্ষতিকর বর্জ্য আগুন দিয়ে পুড়িয়ে গলানোর ফলে সৃষ্ট ধোঁয়া চারদিকে ছড়িয়ে পরে মানুষের শ্বাস-প্রশ্বাসের জন্য খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। চারপাশের গাছপালা পুড়ে গেছে। সীসা আগুনে পুড়ানোর সময় চারদিকে ধোঁয়া ও ভয়াবহ দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, ব্যাটারির সীসা ছাড়াও অন্যান্য মেটাল ডাম্পিং এর কারণেও পরিবেশের ক্ষতি হচ্ছিল। এই স্থানে একটি চক্র কোন রকম অনুমতি ও পরিবেশগত নিরাপত্তা গ্রহণ ছাড়া বে-আইনিভাবে এই কাজ করে আসছিলো এবং এখানে প্রতিদিন প্রায় ৫-১০ টন সীসা গলানো হয়। এমন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে এ ঘটনার অপরাধে গ্রেপ্তারকৃত পাঁচ জনের প্রত্যেককে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করা হয়।
