নিজস্ব প্রতিবেদক : দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের পদ্মার তীরবর্তী এলাকায় অবৈধভাবে নেয়া ড্রেজার পাইপ অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গত শনিবার স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এবিষয়ে সাপ্তাহিক ‘নববাংলা’ অনলাইনে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে এলে মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত নয়াবাড়ি উইনিয়নের ২০ টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।
এদিকে এমন অভিযানে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান স্থানীয়রা। তারা জানান, প্রভাবশালীরা ড্রেজার ব্যবসার সাথে জড়িত থাকার কারনে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সংবাদ মাধ্যমে জনদূর্ভোগের বিষয়টি জানতে পেরে আমার দ্রত সময়ের মধ্যে এই অঞ্চলে অভিযান পরিচালনা করি। তিনি আরও বলেন, দোহারের অংশে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করলে বা জনগণের চলাচলের ব্যঘাত ঘটিয়ে বালু ব্যবসা করলে উপজেলা প্রশাসন কঠোর হস্তে দমন করবে।
আজকের অভিযানে ৫টি স্থানে রাস্তার উপর দিয়ে নেয়া ড্রেজার পাইপ অপসারণ করা হয়েছে। পাশাপাশি ড্রেজার ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
