দোহার প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

ঢাকার দোহার উপজেলায় দোহার প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল থেকে রাত অবধি নানা আয়োজনের মাধ্যমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে লাল গালিচায় করে ফুল দিয়ে বরণ করে নেন দোহার প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

প্রধান অতিথি খন্দকার আবু আশফাক এমন আয়োজনের জন্য দোহার প্রেসক্লাবের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, দোহার-নবাবগঞ্জের সাংবাদিকবৃন্দ আপনারা বস্তুনিষ্ঠ যেকোনো সংবাদ লিখতে পারবেন। আপনাদের কোনো বাধা নেই। যত বড় দলীয় নেতাই হোক, আপনারা তার অন্যায় পেলে লিখবেন। আমি আপনাদের পাশে থাকব। তিনি আরো বলেন, এই নির্বাচন বাংলাদেশের বিগত সকল নির্বাচন থেকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। যা আপনাদের লেখনির মাধ্যমে সম্ভব হয়েছে। কেননা, আপনাদের লেখনির মাধ্যমে মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রেখেছেন।

এসময় প্রধান অতিথিকে দোহার প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক হিসেবে একটি ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে ছিন্নমূল শিশু-কিশোর ও পথচারীদের মাঝে ইফতার প্রদান করা হয়।

দোহার প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ তারেক রাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান সানীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক, ওসি (তদন্ত) নুরুন্নবী ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আব্দুস সাত্তার, পৌরসভার সভাপতি এসএম কুদ্দুস, দোহার উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার শাহীন মাহমুদ, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তানভির আহমেদ সানু মোল্লা, সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারীসহ দোহার প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ ও নবাবগঞ্জ উপজেলার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *